খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : লালমনিরহাট থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনের বগিতে মিলল মালিক বিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল। গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনের বগি চেক করার সময় ফেনসিডিল উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত শনিবার লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২২ নং পদ্মরাগ ট্রেন রাত ১০ টায় ট্রেন থেকে যাত্রী নেমে যাবার পর ট্রেনের বগি তল্লাশি কালে একটি বগিতে রেলওয়ে পুলিশ মালিক বিহীন কাপড়ের হ্যান্ড ব্যাগ দেখতে পেয়ে মালিক খোঁজাখুজি করেও পাননি।
পরে যাত্রীদের সামনে খুলে তাতে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে সান্তাহার রেলওয়ে থানায় ফেনসিডিল জমা করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেনসিডিলের মালিক অনুসন্ধান চলছে।