এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন।রোববার (৪ফেব্দুরুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অটুলাল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের বলেন, নিহত দুজন বাঘাইহাট সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ার ব্রিজের কাছের দোকানে চা পান করছিলেন। এ সময় সাদা পোশাকের চারজন অস্ত্রধারী দু’জনকে গুলি করে পালিয়ে যায়।
তাতে ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশীষ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। লাশ দু’টি পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফের রাঙামাটির সমন্বয়ক সচল চাকমা এ বিষয়ে বলেন, নিহত দীপায়ন ও আশীষ চাকমা সাংগঠনিক কাজে ব্রিজপাড়ায় যান। সেখানে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।
তবে, এই অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। জেএসএসের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের কোনো সশস্ত্র দল নেই। এ ঘটনার সাথে জেএসএসের কোনো সম্পৃক্ততা ও নেই।’