শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার দরিদ্র-অসহায় ও অস্বচ্ছল ২৮৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। (১৯ মার্চ) মঙ্গলবার জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদের তত্ত্বাবধানে জেলা পরিষদের
ডাকবাংলো প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মাজহারুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, আলু ৩ কেজি এবং ছোলা বুট ২ কেজি।লাঠিতে ভর দিয়ে বিনামূল্যের খাদ্য সামগ্রী নিতে আসেন আশিঊর্ধ্বো মো. মোনতাজ আলী। মোনতাজের বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামে। জায়গা-জমি বলতে ভিটেবাড়িটুকোই আছে তাঁর।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের বাজারে বিনা মূল্যে এতগুলো খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন মোনতাজ আলী। শুধু একজন মোনতাজ আলীই নন, সেখানে আসা প্রতিটা অস্বচ্ছল পরিবারের সদস্যের মুখেই যেন খুশির আমেজ ছিল।