স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে একটি বেকারি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার চকরামপুর বাজারে বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্যের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদনবিহীন প্রিসারভেটিভ ব্যবহারের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে এবং ঝুঁকিপূর্ণ উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।