জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আলামিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসনিম জাহান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রইচ উদ্দিন, মেলান্দহ উপজেলা তালগাছ রোপন আন্দোলনের প্রধান সমন্বয়ক আবু হাসান মাহমুদ, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার ও সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান। এ ছাড়াও, মেলান্দহ মুক্ত স্কাউট দলের সহ সভাপতি মোর্শেদুল আলম, ইউনিট লিডার মো. শাকিল খান, তালগাছ রোপন আন্দোলনের জাকিরুল ইসলাম সাদ্দাম ও তার দলীয় সদস্যবৃন্দ, মুক্ত স্কাউট দলের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে, উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি মেলান্দহ উপজেলা পরিষদ চত্বর হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। এরপর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মেলান্দহ স্টেশন অফিসারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতার কারনে দুর্যোগপূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগে ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। #