জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, আমাদের দেশ উন্নত দেশের সোপানে যেতে চায়। এর জন্য আমাদের উন্নত মেধা তৈরি করতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে আমাদেরকে মেধা মনন ও সৃজনশীল গবেষনায় মনযোগী হতে হবে।
সোমবার (২৮ অক্টোবর) জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীব শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়ও তিনি নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ড. মৌসুমী আক্তার, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ ও ইইই বিভাগের ছাত্রী রাবেয়া খানম।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সিএসই, ইইই, ফিশারিজ, গণিত, ভূ-তত্ত্ব, সমাজকর্ম, ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।