জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ২০২৪ সালের জুলাই-আগস্টে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গাজী মোহাম্মদ রফিকুল হক, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকুর রহমান, উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী,খাদ্য নিয়ন্ত্রক মোহনা বিলকিস, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, আন্দোলনে আহত ও শহিদ পরিবারের পরিজনসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ অভ্যুত্থানে আহত ও শহীদদের উদ্দেশ্যে বক্তব্য দেন ।
এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। আগামীর এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।
স্মরণসভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো: জাহিদুল ইসলাম। #