শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় জরাজীর্ণ ভবনে ঝুঁকির মধ্যে চলছে উপজেলা ডাকঘরের কার্যক্রম। ছাদের পলেস্তারা খসে পড়া একটি কক্ষে পোস্ট মাস্টার,পোস্টাল অপারেটর ও পোস্টম্যানেরা ঝুঁকি নিয়েই কাজ করছেন। এ অবস্থায় ভবনটির সংস্কার কিংবা ডাকঘরের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা ডাকঘর গিয়ে দেখা যায়,পোস্ট মাস্টারের ঘরের পলেস্তারা খসে পড়েছে।এ ছাড়াও পোস্ট মাস্টারের আবাসিক ভবনটির অবস্থাও জরাজীর্ণ।
নজিপুর পৌরসভা ও সদর ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের মানুষ এই ডাকঘর থেকে ডাকসেবা নিয়ে থাকেন।তা ছাড়া প্রতিদিন উপজেলার ২২ টি শাখা ডাকঘরের চিঠিপত্র আদান-প্রদান ও ৫ টি সাব-অফিসের ডাকসেবার সমন্বয় এ ডাকঘর থেকে করা হয়ে থাকে।
উপজেলা পোস্টমাস্টার ফটিক চন্দ্র মাহাতো বলেন,ডাকঘরের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।ভবনের ভেতরে ভালো কোনো শৌচাগার নেই।সেবা গ্রহীতারা শৌচাগারের কথা বললে লজ্জায় পড়তে হয়।সহকর্মীরা নানান সংকটের মধ্য দিয়েই ডাকসেবা ও অন্যান্য কাজ করে যাচ্ছেন।