মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান নৈশপ্রহরীর বরাতে জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের স্টাফরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হননি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, ব্যাংকের প্রধান ফটকে এ ধরনের ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাঁচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগিয়ে আগুন দেওয়ার আলামত দেখতে পেয়েছেন।
ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।