স্টাফ রিপোর্টার :
জামালপুরের ইসলামপুর উপজেলার বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গোলাম হাফিজ বকুলের ২২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার উত্তর কিসামতজাল্লাস্থ মরহুমের নিজ বাসভবন হাফিজ ভিলা-তে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ব্র্যাকের এনজিও কর্মকর্তা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ পরিবারের সদস্যরা।
কবি-সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস রচনার পাশাপাশি সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।