এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক দেশের সব থানার ওসিদের বদলি করার তালিকায় পড়ে চট্টগ্রাম (উত্তর) এর দূর থানা মীরসরাই ও জোরারগঞ্জ থানার দুই ওসিকে বদলি করা হয়েছে।
তবে, দেশের ভিন্ন কোনো জেলায় বদলি না হয়ে এক- ই জেলার মধ্যে বদলি করায় মীরসরাই এর সর্বোত্র তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকেই বলছেন, বেশী দুরত্বে বদলি না হওয়ার কারণে ‘যেই লাউ সেই কদুর’ মতো-ই হয়ে যাবে বিষয়টি।
সূত্রে পাওয়া তথ্য মোতাবেক-চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলামকে মীরসরাই থানায় এবং মীরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় বদলী করা হয়েছে। অপরদিকে জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায় এবং রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
সূত্র আরো জানায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দায়িত্বে রয়েছেন ৩ বছর ৩ মাস ১৭ দিন, মীরসরাই থানার ওসি কবির হোসেন দায়িত্বে রয়েছেন ১ বছর ৯ মাস, সন্দ্বীপ থানার ওসির মোহাম্মদ সহিদুল ইসলাম দায়িত্বে ছিলেন ১ বছর ৩ মাস ১৮ দিন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন দায়িত্ব পালন করেছেন ১ বছর ধরে।
উল্লেখ্য, গত (৩০ নভেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে ৬ মাসের বেশি সময় ধরে এক-ই থানায় দায়িত্ব পালন করছেন এমন ওসিদের বদলির নির্দেশনা পাঠানো হয় পুলিশ সদর দপ্তরে।
বর্তমানে তারা যে নির্বাচনী এলাকায় রয়েছেন, সেখান থেকে সরিয়ে একই জেলায় অন্য আসনের থানায় ওসিদের বদলি করার নির্দেশনা দেয়া হয়েছিলো।
নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পুলিশ সদর দপ্তর থেকে ওই ওসিদের রদবদল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।