জেলা প্রতিনিধি, জামালপুর :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর ।
মেলান্দহ উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার, জাহানারা লতিফ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কায়সার আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও, কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
এ কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। #