রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোজাফফর হোসেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছেন কাজী বেলাল হোসেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের এচাহক টাওয়ারের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী বেলাল হোসেন দাবি করেন, অবৈধ কার্যক্রমের অভিযোগে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি মোজাফফর হোসেনের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরবর্তীতে একই বছরের ৬ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭ থেকে তাকে কাশিমপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
বেলাল হোসেনের দাবি, তার নিয়োগের বিরুদ্ধে মোজাফফর হোসেন হাইকোর্ট বিভাগে পৃথক দুটি রিট মামলা করেন। ২০২১ সালের ২২ জুন হাইকোর্ট বিভাগের ২০ নম্বর আদালত ওই দুটি মামলা খারিজ করে দেন। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন এবং ২০২৪ সালের ১২ মে সেই আপিলও খারিজ হয়ে যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
কাজী বেলাল হোসেন অভিযোগ করেন, আদালতের এসব সিদ্ধান্তের পরও মোজাফফর হোসেন কাশিমপুর ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি লাইসেন্স বাতিলের পর নিকাহ রেজিস্ট্রি-সংক্রান্ত প্রয়োজনীয় রেজিস্টার ও নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ অবস্থায় মোজাফফর হোসেনের নিকাহ রেজিস্ট্রার হিসেবে কার্যক্রমের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন কাজী বেলাল হোসেন।
উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে কাশিমপুর ইউনিয়নে মোজাফফর হোসেনের নিকাহ রেজিস্ট্রি কার্যক্রম নিয়ে একই ধরনের অভিযোগ ওঠে এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সে সময় মোজাফফর হোসেন অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, মামলা খারিজের কোনো চিঠি তিনি পাননি এবং প্রয়োজন হলে আপিল করবেন।
সংবাদ সম্মেলনে বেলাল হোসেনের করা অভিযোগগুলো মিথ্যা দাবি করে মোজাফ্ফর হোসেন বলেন,২০১১সাল থেকে এপর্যন্ত বেলাল হোসেন যা করেছে সবই অবৈধ। বেলালের কার্যক্রমের বিরুদ্ধে স্টে অর্ডারসহ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে আপিল চলমান রয়েছে।