নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পৃথক অভিযান চালিয়ে ৯৫ লিটার চোলাই মদসহ ললিতা রাণী (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে গেছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) দিনভর উপজেলার গণেশপুর ও ভালাইন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব মদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার ললিতা রাণীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতবাড়ি থেকে ৯৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ললিতা রাণীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ললিতা রাণী ওই গ্রামের অমল ঋষির স্ত্রী। অপরদিকে, একই দিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর চৌধুরীপাড়া গ্রামে পৃথক অভিযান চালায় পুলিশ। মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের জগন্নাথ চৌধুরী ওরফে চিল্লার বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জগন্নাথ চৌধুরী (৪০) ও তার স্ত্রী বৃষ্টি রাণী (৩৩) কৌশলে পালিয়ে যান।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের ঘর তল্লাশি করে ২টি বালতি ও ৩টি সিলভারের পাতিলে রাখা ১২০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা। ওয়াশগুলো দুর্গন্ধযুক্ত ও পচনশীল হওয়ায় রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা রেখে বাকি অংশ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া দম্পতিকে গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”