নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে জোসনা বেগম নামে এক নারীর বসতবাড়ি রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর রাতে উপজেলার চক কুসুম্বা গ্রামের কুসুম্বা মোড়সংলগ্ন সিএন্ডবি সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন জোসনার মা রবিজান। ভাঙচুরের পাশাপাশি সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। ইতোমধ্যে , প্রতিকারের জন্য জেলা জেলা প্রশাসক,পুলিশ সুপার,অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন দিয়েছেন ভূক্তভোগী। এছাড়াও একটি জিডি করেছেন তিনি।
এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জোসনা বেগম চক কুসুম্বা গ্রামের মকবুল হোসেনের মেয়ে। তাঁর দাবি, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ১৫১৯ নম্বর দলিলমূলে চক কুসুম্বা মৌজার আরএস ২০৯ নম্বর খতিয়ানের ১০৩ নম্বর দাগে ২ একর ১৮ ডেসিমেল জমির অংশ থেকে ০.১৬৫ সহস্রাংশ জমি কেনেন তিনি। জমিটির মূল মালিক ছিলেন মোনিনী মোহন মহন্ত। তাঁর নাতি প্রশান্ত কুমার জমিটি বিক্রি করেন।
জোসনা জানান, দলিলের বিবরণীতে উল্লেখ রয়েছে, গ্রহীতা সিএন্ডবির সরকারি জমি ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে দাতা প্রশান্ত কুমারের কোনো ওয়ারিশ আপত্তি করতে পারবেন না। আপত্তি করলেও তা অগ্রাহ্য বলে গণ্য হবে। দলিল সম্পাদনের পর তিনি জমিটি বুঝে নেন।
ভুক্তভোগীর ভাষ্য, জমিটি বিক্রির আগে প্রশান্ত কুমার ইটভাটা মালিক আনিছুরের কাছে ভাটার কাজে ব্যবহারের জন্য লিজ দিয়েছিলেন। জমি কেনার পরও ইটভাটার মালিক তাঁকে ভাড়া দিতেন। একই দিন জমির পাশে চার কাঠা জমি তাঁর বড় ভাই বুলবুলের কাছেও প্রশান্ত কুমার ও হিরেন্দ্রনাথ বিক্রি করেন।
জোসনার অভিযোগ, জমি কেনার প্রায় এক বছর পর দখলকৃত জমির পেছনে আরও এক কাঠা জমি বিক্রির কথা বলে প্রশান্ত কুমার তাঁর ভাই বুলবুলের কাছ থেকে মৌখিক বায়না হিসেবে ৪০ হাজার টাকা নেন। তবে পাঁচ বছরেও জমিটি রেজিস্ট্রি করে দেননি। পরে ওই দাগে কুসুম্বা বাউইপাড়া গ্রামের আলমগীর হোসাইনের কাছে সাত শতক জমি বিক্রি করেন প্রশান্ত। এরপর বায়নার ৪০ হাজার টাকা বুলবুলকে ফেরত দেওয়া হলে তিনি ওই জমির দখল ছেড়ে দেন।
জোসনার দাবি, এরপর থেকেই জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত। তাঁর দখলে থাকা জমিতে লাগানো খেজুর, কলা, মেহগনি, আম, কাঁঠাল ও কদমগাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেন। একই সঙ্গে সিএন্ডবি সড়কসংলগ্ন জমি ভরাটের চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।
পরে জমিতে টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করেন জোসনা। তাঁর অভিযোগ, ওই ঘর ভেঙে ফেলার পাশাপাশি তাঁকে মারধর করা হয়। পরে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ করেন। এরপর জমিতে বসবাসের জন্য ইট দিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করেন।
জোসনার অভিযোগ, সর্বশেষ গত ২০ নভেম্বর রাতে আলমগীর হোসাইনের ভাড়াটিয়া লোকজন বাড়িটি ভেঙে ফেলেন। টিনের বেড়া কেটে ও ভেঙে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ। ওই সময় তাঁর মা রবিজান বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁদের জমি বিক্রি করে দিতে অথবা জমির দখল ছেড়ে দিয়ে বড় ভাই বুলবুলের জমির পেছনে চলে যেতে চাপ দিচ্ছেন। তাঁদের দাবি না মানায় বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এদিকে আলমগীর হোসাইন গত ৫ মে ২০২৬ তারিখে ওই ১০৩ নম্বর দাগে প্রণব কুমারের কাছ থেকে ১৪ শতক এবং প্রশান্ত কুমারের কাছ থেকে ৭ শতক জমি কেনেন। সেখানে তিনি ইটের বাউন্ডারি নির্মাণ করেছেন।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসাইন বলেন, জোসনা ২০২০ সালে জমি কেনার পর থেকে তিনি ও তাঁর ভাই যৌথভাবে জমিটি দখলে ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁর দখলকৃত জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে। এসব বিষয় নিয়ে একাধিকবার থানায় এবং যুবদল নেতা ওবাইদুর রহমানের চেম্বারে সালিশ-বৈঠক হয়েছে। তবে জোসনা কারও বিচার মানেন না। বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।