• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে শিক্ষকদের কাছে চাঁদা দাবি

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,,

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নেতা ও সদস্য পরিচয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কয়েকজন শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। এ সময় পরিবারের ক্ষতিসহ তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

চাঁদার দাবিতে হুমকি পাওয়া শিক্ষকরা সবাই সনাতন ধর্মালম্বী। এদের মধ্যে দুজন বিকাশের মাধ্যমে চাঁদার টাকাও পরিশোধ করেছেন। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গোপন রেখেছেন তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীদের দাবি, অপরিচিত কিছু ব্যক্তি নিজেদের উক্ত সংগঠনের সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে। চাঁদা না দিলে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অনেক সময় সংঘবদ্ধ অপরাধীরা ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করে থাকে। তাই ভুক্তভোগীদের যেকোনো প্রকার চাঁদার দাবিকে অগ্রাহ্য করে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর অনুরোধ জানার তারা।

মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী পাল বলেন, “শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য আবীর হোসেন পরিচয় দেন। আমার এবং আমার পরিবার সম্পর্কে তিনি সবকিছু জানেন বলে জানান। এরপর তার নেতা আট জেলার প্রধানের সঙ্গে কথা বলতে বলেন। ওই ব্যক্তি চাঁদা দাবি করেন এবং না দিলে পরিবারের ক্ষতি হবে বলে হুমকি দেন।”

একই নম্বর থেকে বেলা সোয়া ১১টার দিকে ফোন আসে স্থানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভাস কুমার পালের কাছে। তার কাছেও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি করা হয়।

বিভাস কুমার পাল বলেন, “পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান পরিচয় দিয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়। ভয়ে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পরও বিভিন্ন নম্বর থেকে ফোন করে আরো টাকা দাবি করে হুমকি অব্যাহত রেখেছে।”

বিভাস কুমার পাল আরো বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক গোপাল দেবনাথের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ঠিক তখন তার কাছেও ফোন আসে। নম্বরটি একই হওয়ায় তিনি আর ফোন ধরেননি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক উত্তম দেবনাথের কাছেও চাঁদা দাবি করা হয়। তিনিও নিরাপত্তার কথা ভেবে রাত ৮টার দিকে তাদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠিয়েছেন। মনে হচ্ছে আমরা কোন প্রতারক চক্রের ফাঁদে পড়েছি। থানায় এ ব্যাপারে এখনও কোন অভিযোগ দেইনি। তবে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।”

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস বলেন, “বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি। আশেপাশের একটি সংঘবদ্ধ চক্র পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয় ব্যবহার করে এই চাঁদাবাজি করছে।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। চাঁদার দাবি অগ্রাহ্য করে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর অনুরোধ জানাচ্ছি।”

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “ব্যাপারটি মৌখিকভাবে জেনেছি। যে সকল নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে তার লোকেশন মাদারীপুর জেলা দেখাচ্ছে। সংঘবদ্ধ অপরাধীরা ভুয়া পরিচয় ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করে থাকে। তাই ভুক্তভোগীদের আরো সচেতন হতে হবে। বিষয়টি নিয়ে র‌্যাব কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category