রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ৩য় শ্রেণীতে পড়–য়া ৯বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পারইল বাজারে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখা করে। সোমবার বেলা সাড়ে ১১টায় স্কুলে যাবার পর সহপাঠীদের সাথে পারইল বাজারে খাবার জিনিস কিনতে মোজার দোকানে যায়। এসময় অন্য সহপাঠীরা জিনিস কিনে ফিরে গেলেও দোকানদার মোজা তার মেয়েকে ডেকে দোকান ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে শিশুকে উদ্ধার করে বৃদ্ধকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধ মোজাকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় বৃদ্ধ মোজার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার।
বিকেল ৫টায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয়রা মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।