রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় “প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ” কর্তৃক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার এ স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় সমবেত কলম সমর্পন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন প্রাথমিক শিক্ষককে পুলিশি বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপের ফলে শতাধিক শিক্ষক আহত হয়। শিক্ষকরা জানান, এ ধরনের অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয় এবং তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নতি করা , চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া।