ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আত্রাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
স্নাতক সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক,মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স,উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে।
সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। শিক্ষকরা এই বৈষম্য দূর করার দাবি জানান। দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস কে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দাইখাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দীন মিঠু,সহকারী শিক্ষক শাম্মী আকতার,তেজনন্দী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,
পাথাইলঝাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ বাকির,আটগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ,ইসলামগাতী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মূর্তুজা প্রমুখ।