খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আর মাত্র একদিন অর্থাৎ আজ সোমবার পর্যন্ত ব্যাংক খোলা থাকবে অথচ বগুড়ার আদমদীঘি উপজেলার ৪৭৬জন বীর মুক্তিযোদ্ধা গতকাল রোববার (২৫ জুন) সোনালী ব্যাংকে ঈদ বোনাস তুলতে এসে না পেয়ে হতাশ হয়ে ফিরে গেলেন। এখন তাদের ঈদ বোনাস পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে অনেক বীর মুক্তিযোদ্ধার কোরবানী কেনা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানাযায়, আদমদীঘি উপজেলায় ৪৭৬জন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাদি পেয়ে আসছেন। গতকাল রোববার আদমদীঘি সোনালী ব্যাংক শাখায় জুন মাসের সম্মানী ভাতা ও ঈদুল আযহার বোনাস তুলতে আসেন শতশত বীর মুক্তিযোদ্ধা। কিন্ত তারা সোনালী ব্যাংকে এসে জানতে পারেন তাদের শুধু জুন মাসের ভাতা হিসাব নম্বরে জমা হলেও ঈদ বোনাস আসেনি। এদিকে ঈদের আর মাত্র তিন দিন বাঁকি এবং ব্যাংক খোলা রয়েছে মাত্র এক দিন। এমতাবস্থায় এখনও ঈদ বোনাস না আসায় অনেক বীর মুক্তিযোদ্ধারা ঈদের আগে বোনাস পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বলেন কোরবানী কেনা অনিশ্চিত হয়ে পড়েছে। সোনালী ব্যাংকে ১০ হাজার টাকা করে ঈদ বোনাস তুলতে আসা বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, মনসুর রহমান ও লোকমান আলী জানায়, ঈদের মাত্র তিন দিন বাঁকি এবং ব্যাংক খোলা রয়েছে মাত্র এক দিন অথচ আমরা ঈদের বোনাস না পেয়ে হতাশ হয়ে পড়েছি। কোরবানী কেনাও অনিশ্চিত হয়ে পড়েছে। সোনালী ব্যাংক আদমদীঘি শাখা ব্যবস্থাপক আনোয়ারুল কবির জানান, ঈদ বোনাস এখনও ব্যাংকে আসেনি। ফলে বীর মুক্তিযোদ্ধাদের বোনাস দেয়া যায়নি।
#