মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার:
আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় এবার জোরালোভাবে উচ্চারিত হচ্ছে ইসলামপুর পৌর শহরের পরিচিত মুখ, দক্ষ সংগঠক ও অভিজ্ঞ সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদের নাম।
জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মৌজাজাল্লা গ্রামের ফকির বাড়ির সন্তান মোরাদুজ্জামান মোরাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে পৌরবাসীর আস্থা অর্জন করেছেন। ১৯৯২ সালে সাংবাদিকতা পেশায় আত্মপ্রকাশ করে তিনি দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক সমাজকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে টানা দুইবার ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রমে গতিশীলতা আসে বলে সংশ্লিষ্টরা জানান।
স্বাস্থ্যখাতেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। জামালপুর দেওয়ানপাড়া মোড়ে পার্টনারশিপের ভিত্তিতে প্রতিষ্ঠিত ‘জামালপুর এপোলো হাসপাতাল’-এর মাধ্যমে তিনি স্থানীয় জনগণের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ভূমিকা রাখেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের সহায়তায় তাঁর মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও সক্রিয় থেকে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি এবং ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পৌর শহরের বিভিন্ন মহলে তাঁর নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা শোনা যাচ্ছে। নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে তিনি পৌরসভার মেয়র পদে যোগ্য প্রার্থী হতে পারেন।
এ বিষয়ে মোরাদুজ্জামান মোরাদ বলেন,
পৌরবাসীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। তারা যদি আমাকে চান, তাহলে আমি সেবক হিসেবে তাদের পাশে থেকে কাজ করতে প্রস্তুত। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়াই হবে আমার লক্ষ্য। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও রাজনৈতিক সমীকরণে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে। তবে সময়ই বলে দেবে ইসলামপুর পৌরসভায় নতুন নেতৃত্বের সূচনা হয় কি না।