শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে ইসমাইল (২৪) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে গরম পানি ঢেলে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ইসমাইল উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. নাসিরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।
নিহত ইসমাইলের বাবা নাসির জানান,গত ১৩ সেপ্টেম্বর সকালে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে শৈলাট মেডিকেল মোড়ে স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে গাজীপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন আমার ছেলেকে মসজিদের ব্যাটারি চুরি করছে বলে অপবাদ দেয়। পরে আমার ছেলের হাত পা বেঁধে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গরম পানি ঢেলে নির্যাতন করে। এ সময় তার সাথে স্থানীয় খলিলুর রহমানের ছেলে বাবুল মন্ডল ও মৃত টেপপানজুর ছেলে শফিকুল ইসলাম সহ আরো অনেকেই আমার ছেলেকে মারধর করে। আমার ছেলের এরকম সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধোর করে । পরে জোরপূর্বক ভাবে আমার ছেলের কাছ থেকে একটি সাদা কাগজে ও আমার কাছ থেকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ সময় আমার ছেলের অবস্থা আশঙ্কা জনক হলে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে আমার ছেলের অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইখানে আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মৃত্যুবরণ করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর মারধরের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।