জেলা প্রতিনিধি, জামালপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশায় প্রেস ব্রিফিং করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জেলা-উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে তিনি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। আসনটি থেকে বিএনপির মনোনয়ন চেয়ে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।
এ সময়, বিসিএস ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সাবেক সচিব, একেএম ইহসানুল হক মঞ্জু সাংবাদিকদের বলেন, “আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। আমি বর্তমানে দলের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং আশা করি দল আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেবে।”
তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি সরাসরি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। চাকুরি জীবনেও আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীদের সংগঠিত করেছি এবং জাতীয় স্বার্থে বিএনপির আদর্শে দলকে পূনরুজ্জীবিত করতে রাতদিন কাজ করেছি। যে কারনে ফ্যাসিবাদী সরকারের আমলে আমাকে চরম মূল্য দিতে হয়েছে। আমাকে ওএসডি করা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, ২০১৪ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার বাসা-বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে, আমাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এমনকি ২০২১ সালে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দেয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে আমি ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েছি, কিন্তু আদর্শ থেকে এক চুলও সরিনি।”
তিনি দৃঢ় চিত্তে সাংবাদিকদের বলেন, “আজ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ৫ আগস্টের পর আমি আর ঘরে বসে নেই। আমি আমার প্রাণের এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, নদীভাঙন প্রতিরোধসহ প্রতিটি সমস্যা নিয়ে আমি সংশ্লিষ্ট সচিবদের সাথে কথা বলছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। এলাকার দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করছি।”
তিনি আরো বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রশাসন ক্যাডারের একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা হিসেবে আমার যে পরিচিতি ছিল, আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবেও আমি সে ধারাবাহিকতা বজায় রাখবো। আমি বিশ্বাস করি, আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং বর্তমানে এলাকার উন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভরসার কারণ হয়েছে। আমি যদি দলের মনোনয়ন পাই, তবে ইনশাআল্লাহ আমি বিজয়ী হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করব। আগামী দিনের মেলান্দহ-মাদারগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল।”
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক এই সচিবের প্রেস ব্রিফিংকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও অন্যান্যদের মধ্যে মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান তালুকদার, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, পৌর বিএনপির প্রতিষ্ঠতা সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিষ্টার, ছাত্র দলের সাবেক সেক্রেটারি আশেকে ইলাহী জনি, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিশুকসহ জাতীয় নাগরিক কমিটির জেলা সদস্য নুরনবী উপস্থিত ছিলেন।#