মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বৃষ্টির সময় মাঠে ধান কাটার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলিপ চন্দ্র বর্মণ (৪৫), নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকূল চন্দ্র মাহন্ত (৩৮)। নিহত অপরজন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসেরহাট উল্লাপাড়া গ্রাম থেকে নিয়ামতপুরে ধান কাটতে আসা এক শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে ওই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া দিঘীর পাড়ে নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক দিলীপ বর্মণ। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময়ে নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে মাঠ থেকে ধান সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুকূল চন্দ্র মাহন্তের। এছাড়া উপজেলার হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক শ্রমিকের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।অপরদিকে,মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পৃথক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।