মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
আবু বকর সিদ্দিক মাইটিভি, দৈনিক ভোরের কাগজ ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবার ও সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অসুস্থতা বেড়ে গেলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার বাদ এশা নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
আবু বকর সিদ্দিক দীর্ঘদিন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সহকর্মীদের কাছে তিনি সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।