নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বেকারত্ব দূরীকরণ ও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ৩ ও ৬ মাস মেয়াদী জমি জরিপ (সার্ভে) প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ফ্রি ক্লাসের উদ্বোধন করা হয়।
কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় এবং কুমিল্লার সরকার অনুমোদিত (নিবন্ধন নং- পি.এফ ৩১১০৫) ঐতিহ্যবাহী ‘ময়নামতি সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট’-এর ব্যবস্থাপনায় এই কোর্সটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জমি জরিপ শিক্ষার গুরুত্ব তুলে ধরে ময়নামতি সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র সংগঠক ও প্রধান প্রশিক্ষক মিঃ আফাজ উদ্দিন মন্ডল বলেন, “জমিজমা সংক্রান্ত সঠিক ও বাস্তব জ্ঞান না থাকায় আমাদের সমাজের সাধারণ মানুষ প্রতিনিয়ত নানামুখী হয়রানি, প্রতারণা ও মামলার শিকার হচ্ছেন। এমনকি অনেক সময় স্থানীয় শালিসদারগণও সঠিক কাগজের অভাবে সঠিক রায় বা সিদ্ধান্ত দিতে হিমশিম খান। আমরা এখানে কোনো নামমাত্র শিক্ষা দেবো না; বরং নকশা, দলিল, খতিয়ান, মুসলিম ফারায়েজ ও কাঠের হিসাবসহ ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় একদম সরজমিনে হাতে-কলমে শেখাবো।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে জরিপ (সেটেলমেন্ট) কাজ শুরু হচ্ছে। এই কোর্সটি সম্পন্ন করলে যুবকদের যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি জুনিয়র অ্যাডভোকেটদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। আমরা চাই প্রতিটি পরিবারের অন্তত একজন ব্যক্তি এই শিক্ষা অর্জন করুক, যেন কেউ নিজের অধিকার থেকে বঞ্চিত না হয়।”
কোর্সের সমন্বয়কারী সাংবাদিক ও সার্ভেয়ার মোঃ মাহবুবুজ্জামান সেতু জানান, এই কোর্সে ন্যূনতম ৮ম শ্রেণী পাস থেকে শুরু করে যেকোনো বয়সের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অংশ নিতে পারবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের অনলাইনে যাচাইযোগ্য সরকারি রেজিস্ট্রিকৃত সনদপত্র প্রদান করা হবে।
আয়োজকরা জানান, উদ্বোধনী ও ফ্রি ক্লাস শেষে আগামী ২৭ ও ২৮ জুন (শনিবার ও রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। চাকরিজীবী ও শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও বিকেলে দুটি আলাদা শাখায় (সপ্তাহে দুই দিন) ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হবে।
উদ্বোধনী ক্লাসে বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।