নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলায় বিশ্বনাথ মন্ডল (৪৫) ও তার স্ত্রী মঞ্জু রানী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বিশ্বনাথকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত মঞ্জু রানী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিশ্বনাথ মন্ডল রামনগর গ্রামের মৃত কিশোরী মোহনের ছেলে। এ ঘটনায় তার ভাই অসিত কুমার মন্ডল বাদী হয়ে মান্দা থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর মৌজার ২৫৯ নম্বর খতিয়ানের ১৫২১ নম্বর দাগে মোট ১১ শতক জমি রয়েছে। এর মধ্যে বিবাদীপক্ষের মালিকানা রয়েছে ১ শতক জমিতে। তবে তারা জোরপূর্বক ওই জমির প্রায় ৭ শতক দখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। অপরদিকে ভূক্তভোগীদের দখলকৃত অংশের প্রায় ২ শতক জমিতে প্রাচীর সংলগ্ন তিনটি ইটের ঘর ও একটি ছাউনি ছিল। দীর্ঘদিন সংস্কার না করায় ঘরগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো সংস্কারের কাজ শুরু করা হয়।
অভিযোগে বলা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্ত সুনিল কুমার মন্ডল, অনিল কুমার মন্ডল, ভারতী রানী মন্ডল ও শিউলী রানী মন্ডলসহ অজ্ঞাতনামা কয়েকজন সেখানে গিয়ে সংস্কারকাজে বাধা দেন। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে বিশ্বনাথের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালান। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বিশ্বনাথ বাধা দিলে অনিল কুমার মন্ডলের নির্দেশে সুনিল কুমার মন্ডল তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে বিশ্বনাথের ডান পায়ের হাঁটুর নিচে কোপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর কাটা জখম হন। পরে অন্য অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে বিশ্বনাথ ও তার স্ত্রী মঞ্জু রানীকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করেন বলেও অভিযোগ করা হয়েছে।
বিশ্বনাথের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত বিশ্বনাথকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিশ্বনাথের ডান পায়ে আটটি সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, মঞ্জু রানীও মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাদী অসিত কুমার মন্ডল বলেন, জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। তার বড় ভাই বিশ্বনাথ একটি মামলার সাক্ষী হওয়ায় তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হচ্ছিল। এরই জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগে মামলা নম্বর ৪৮পি/২০২৬ ও ৩২/২০২৬ (অঃ প্রঃ)-এর উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।