মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩নং সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৩ কোটি, ৫০ লাখ ৫৪হাজার টাকার প্রাক্কলিত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে ইউপি সচিব হাসান হাফিজুর রহমান এ বাজেট ঘোষনা করেন।
এসময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য(মহিলা)গণ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার সুশিল সমাজের প্রতিনিধি, নাচোল মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক দুরুল হোদা, বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ডাসকো’র রিভাইভ প্রকল্পের মাঠকর্মী শ্যামলী রানী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইউপি সচিব তার ঘোষনাপত্রে উল্লেখ করেন, ২০২৩-২০২৪ইং অর্থবছরের জন্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৭ লাখ ২২ হাজার ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি, ২৮ লাখ, ৫১ হাজার ৪শ’ টাকাসহ সর্বমোট ৩ কোট, ৫৫ লাখ, ৭৩ হাজার ৪শ’ টাকা।
এদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি, ৫০ লাখ, ২৬ হাজার ও উন্নয়ন খাতে ৩ কোটি, ২৫ লাখ, ৫১ হাজার ৪শ’ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকা। সর্বমোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ লাখ, ১৯ হাজার ৪শ’ টাকা। বাজেট ঘোষনাকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকগণ বাজেটে ব্যয়ের ১২ টি খাতের মধ্যে কিছু কিছু খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির মতামত ব্যক্ত করেন।