নওগাঁ প্রতিনিধিঃ
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ চাকরি সম্পর্কিত ন্যায্য দাবিদাওয়ার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে নওগাঁর মান্দা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তৃতা দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ উদ্দিন আল আজাদ রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা আফরোজা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান শেখ। তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দম্পতি নিবন্ধন, মাতৃস্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচি—এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করলেও এখনো তারা মৌলিক চাকরিগত সুবিধা থেকে বঞ্চিত।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘আমরা মাঠপর্যায়ে প্রতিদিন ঘরে ঘরে গিয়ে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিচ্ছি। সরকারি স্বাস্থ্যসেবার অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা বহন করি। রাজস্ব খাতে চাকরি হওয়া সত্ত্বেও কোনো পদোন্নতি নেই, নেই চাকরির গ্রেড উন্নীতকরণ। কারণ এখনো কোনো কার্যকর নিয়োগবিধি প্রণয়ন হয়নি।’
তাঁরা আরও জানান, নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তারা আগেও একাধিকবার আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, এমনকি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করেছেন। তবুও কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে আবারও কর্মবিরতি ডেকেছেন।
বক্তাদের দাবি, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, ‘আমরা দেশের জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। কিন্তু আমাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। নিয়োগবিধি বাস্তবায়ন হলে পদোন্নতি, গ্রেড উন্নয়নসহ চাকরিগত সুবিধা পাওয়া সহজ হবে। এজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
কর্মসূচি শেষে পরিবার পরিকল্পনা কর্মীরা জানান, কর্তৃপক্ষ তাদের দাবি মানা না পর্যন্ত আন্দোলন পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে।