শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পত্নীতলা উপজেলার নজিপুর উচ্চ বিদ্যালয়ের শহীদমিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ আয়োজন করে।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণ।
এর আগে সারাদিন শিক্ষার্থীরা পত্নীতলা উপজেলার সড়কে যানজট নিরসন এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করেন। শিক্ষার্থীদের আশা, অচিরেই বাংলাদেশকে স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারলেই শহীদদের ত্যাগ সার্থক হবে।
আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।