এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আন্দোলনরত ২৮৭ জন আউটসোর্সিং কর্মচারী বুধবার (২৬ ফেব্রুয়ারী) চতুর্থ দিনের মত তাঁদের কর্মবিরতি অব্যাহত রেখেছে।
চাকুরী স্থায়ীকরণের দাবিতে সারাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করে।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিনিধি আশরাফুল আলম ও রবিউল ইসলাম জানান,১৫/২০বছর ধরে একই প্রতিষ্ঠানে সেবা দিয়ে আসছেন তারা। একই প্রতিষ্ঠানে একই পদে চাকুরী করলেও স্থায়ী কর্মচারীদের তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন। বেতন বৈষম্যের সাথে বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা থেকে দীর্ঘ দিন থেকে বঞ্চিত অস্থায়ী কর্মচারীরা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৮ সালে প্রজ্ঞাপণ জারী করে আউটসোর্সিং কর্মচারীদের ওভার টাইম, উৎসব বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করে দেয়। সারাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মত বড়পুকুরিয়া কয়লাখনি ২৮৭ জন কর্মচারী পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন । বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করে। তখন উপদেষ্টা পরিষদ বৈষম্য নিরোসনে বিবেচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘ ৬ মাসেও দৃশ্যমান কোন উদ্যোগ না নেয়ায় আবারও আন্দোলনে যায় কর্মচারীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ অক্টোবর বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ। কিন্তু খনি কর্তৃপক্ষ স্থায়ী নিয়োগ দিতে নানা তালবাহানা করে এবং রায় বাস্তবায়নে গড়িমসি করে। খনি কর্তৃপক্ষ আপিল-রিভিউ করে সময় ক্ষেপন করে আসছে। সর্বশেষ গত বছরের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে।
বড়পুকুরিয়া কয়লাখনি জিএম (প্রশাসন) মো: সানাউল্লাহ জানান,সর্বোচ্চ আদালতের রায়ে কিছু অস্পষ্টতা থাকায় গত বছরের ২০ ফেব্রুয়ারি চিঠি দিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। আইন মন্ত্রণালয়ের মতামত এখনও না আসায় স্থায়ী নিয়োগ দেওয়া যাচ্ছে না।