আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নওগাঁ প্রতিনিধিঃ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নওগাঁর সীমান্তবর্তী বগুড়ার আদমদীঘিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রায়হান নবী ও ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ব্র্যাক সিড ডিলার মো. জামিউল ইসলাম। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওগাঁ জেলার টেরিটোরি অফিসার মো. ফরিদুজ্জামান ও তৌফিক হোসেন।
প্রশিক্ষণে গুণগত মানসম্পন্ন আলু উৎপাদন ও ফলন বৃদ্ধিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে জমি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা, জমি শোধন, বীজ আলুর স্প্রাউটিং ও সঠিক কর্তন পদ্ধতি এবং রোপণ দূরত্ব বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া সার ও সেচ প্রয়োগের সঠিক সময়সূচি এবং মাটির গুণাগুণ রক্ষায় সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আলুর বিভিন্ন মরণঘাতী রোগ, বিশেষ করে লেট ব্লাইট (মড়ক রোগ), রাইজোকটোনিয়া, স্ক্যাব ও ভাইরাসজনিত রোগের লক্ষণ এবং আধুনিক প্রতিকার নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আলু উত্তোলনের আগে ‘হালম পুলিং’ পদ্ধতি ও সতর্কতা এবং সঠিক উপায়ে গ্রেডিং ও সর্টিং করার কলাকৌশল তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে সারা দেশে এই কৃষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবে এবং আলুর বাম্পার ফলন নিশ্চিত হবে।