ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর এলাকায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুতে জানাজায় অংশ নেওয়ার পর ফেরার পথে নৌকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়েরের সঙ্গে ১১ নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের একটি ছবি তোলা হয়। সম্প্রতি সেই ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা ও প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কুদ্দুস খান।
কুদ্দুস খান বলেন, এটি কোনো সৌজন্য সাক্ষাতের ছবি নয়। একজন মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নেওয়ার পর ফেরার পথে নৌকায় ছবিটি তোলা হয়েছিল। অথচ ঘটনার প্রকৃত প্রেক্ষাপট উল্লেখ না করে ছবিটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে ছবিটিকে ব্যবহার করছে। ছবির সঙ্গে বিভিন্ন মন্তব্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কুদ্দুস খান বলেন, একটি ছবি দিয়ে কারও চরিত্র বা কর্মকাণ্ড সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ছবিটি কখন, কোথায় এবং কী প্রেক্ষাপটে তোলা হয়েছে সেটি আগে যাচাই করা উচিত। প্রকৃত ঘটনা জানার চেষ্টা না করে আমাকে নিয়ে অপপ্রচার চালানো দুঃখজনক।
মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে সত্যতা যাচাই করতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনগত প্রক্রিয়াকে সম্মান করবেন। তবে কোনো প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা মেনে নেওয়া হবে না।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এর আগেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এবার মুক্তিযোদ্ধার জানাজা শেষে ফেরার পথে নৌকায় তোলা একটি ছবিকে কেন্দ্র করে একই ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
কুদ্দুস খান বলেন, আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এসব করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, কোনো ছবি বা বক্তব্য প্রচারের আগে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করুন।
এদিকে, ছবিটি যে প্রেক্ষাপটে তোলা হয়েছিল, তা যাচাই না করে বিভিন্ন মন্তব্যসহ প্রচার করায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। কুদ্দুস খান সংশ্লিষ্টদের প্রতি ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।