স্টাফ রিপোর্টার :
জামালপুরের মেলান্দহে প্রবাসী আল আমিনের ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগুরপাড়া নাংলা এলাকায় এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জহুরুল ইসলাম। তিনি বলেন, গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড মৌজার ৪৬৬৩ নং দাগের ৩৫ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় ভূমিদস্যু রহিম বাদশা, হেলাল, বিস্কুট, দুলাল, রহিজ্জল ও নুর ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি ওই জমি অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট শুরু করে। এসময় তারা জমিতে কাজ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে সোহাগ, আকলিমা, হালিমা ও আসাদুল্লাহ বক্তব্য দেন। এসময় তারা বলেন অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে একাধিকবার হামলা ও মারধরের শিকার হতে হয়েছে তাদের।
ভুক্তভোগীরা আরও জানান, এ জমি নিয়ে এর আগে তিনটি মামলা জামালপুর জেলা জজ আদালতে চলমান ছিল। আদালত তাদের পক্ষে রায় প্রদান করলেও প্রতিপক্ষ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি রহিম বাদশার নেতৃত্বে প্রতিপক্ষ দলবল নিয়ে এসে দখলীয় জমিতে জোরপূর্বক মাটি ভরাট করে ঘর তোলার চেষ্টা করছে। এতে তারা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদানের জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #