জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টি কামনা করে সালাতুল ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় স্কুল মাদরাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) মেলান্দহ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়।
মেলান্দহ জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে ওই মাদ্রাসার খতিব মুফতি শামছ উদ্দিন সাহেব এই নামাজ ও মোনাজাতের আয়োজন করেন। ইসতিসকা নামাজের ইমামতি ও মোনাজাত করেন জামিয়া হুসাইনিয়ার মোহাদ্দিস মুফতি মোহাম্মদ ইয়াকুব রহমানী ।
ইসতিসকা নামাজের আয়োজক ও মাদ্রাসার খতিব মুফতি শামস উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। তীব্র তাপদাহে মানুষ সহ প্রাণীকুল অতিষ্ট হয়ে পড়েছে। তাই বর্তমান তাপদাহ থেকে পরিত্রাণ পাবার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা ও সমগ্র মুসলিম উম্মার মঙ্গল কামনায় ইসতিসকা নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দুই রাকাত ইসতিসকা নামাজ আদায় ও মোনাজাত শেষে ওই নামাজের ইমাম মুফতি মোহাম্মদ ইয়াকুব রহমানী বলেন, প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি ও রহমত কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।