এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রিয় বাহিনীর সাথে বিদ্রোহীদের চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ জন সশস্ত্র সদস্য।
এ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বিজিপি, সেনা, কাস্টমস কর্মকর্তা ও অসামরিক নাগরিকের সংখ্যা ৩২৭ জনে দাড়ালো। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য সংবাদ মাধ্যম কে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩২৭ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা সদস্য, কাস্টমস কর্মকর্তাসহ অসামরিক নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন।
সর্বশেষ বুধবার দুপুরেও টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ৬৩ জন রক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ২২৭ জন বিজিপি সদস্য কক্সবাজার বিজিবি ব্যাটেলিয়নের অধীনে আছেন। টেকনাফের হোয়াইক্যং বিওপিতে আরও দুই বিজিপি সদস্য রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
এদিকে মিয়ানমারের সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে বান্দরবানে দুইজন নিহত হন। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির চার নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহত হন ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৫২)। এছাড়া অপর নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।