জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে মারধোর ও খুনের হুমকিতে নিরাপত্তাহীনতার কারনে থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন এক সি এন্ড এফ ( Clear & forward) ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম হুমায়ুন কবির সোনাহার। তিনি উপজেলার সাধুপুর গ্রামের মো. জিয়াউল হকের ছেলে।
সোমবার (৩ জুলাই) ভুক্তভোগী ও মেলান্দহ থানার ওই ডাইরিসূত্রে জানা যায়, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার কারনে গত ১ জুলাই রাত ৮ টার দিকে মেলান্দহ রেলস্টেশন বাজার সংলগ্ন পাকা রাস্তায় সাধুপুর গ্রামের সুরুজ আলী শেখের ছেলে মো. আলতাফ শেখ, গিয়াসউদ্দিনের ছেলে মোঃ বিল্লাল, সরু শেখের ছেলে মো. আলম; এরা হুমায়ূনকে অকথ্য ভাষায় গালমন্দ করে ও খুন জখম করার জন্য হুমকি দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবান আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে আলতাফ শেখ হুমায়ুন কবির সোনাহারকে গালাগালি করার এক পর্যায়ে খুন জখমের হুমকি দিয়েছে। ঘটনার সময় আমিসহ আরো অন্যান্য লোকজন সেখানে উপস্থিত ছিলাম।
অভিযুক্ত আলতাফ শেখের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হুমায়ুন অবৈধভাবে জমি দখল করার উদ্দেশ্যে আমাদের হেস্ত নেস্ত করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে; যা সত্য নয়।
মেলান্দহ থানার পুলিশ উপ পরিদর্শক ( এস আই) প্রভাষ চন্দ্র দাস জানান, জিডির কপি কোর্টে প্রেরণ করা হবে। কোর্টের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#