এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক জনের মৃত্যু ঘটনার রেশ-শোক কেটে উঠার আগেই এবার দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার অবস্থিত একটি কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টিরও বেশি ইউনিট।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের এক্সেস রোড এলাকায় অবস্থিত নির্মাণাধীন কোল্ড স্টোরেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ৮টিরও বেশি ইউনিট চেষ্টা চালিয়ে এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়া ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, এখনো কাজ চলছে। ভেতরে কাঠ ও ককশিট পুড়ছে। শুধু আগ্রাবাদ থেকে ৮টি ইউনিট যোগ দিয়েছে।
এছাড়া চন্দনপুরা, লামার বাজার ও নন্দন গ্রাম সহ আরও বেশ কিছু ইউনিট কাজ করছে।
তবে, কতো ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস থেকে তাৎক্ষণিক ভাবে কিছু জানানো সম্ভব হয়নি ।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব ( বিকাল ৫ টা) পর্যন্ত আগুন জ্বলছিলো বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।