এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের বোয়ালখালীতে খেলা নিয়ে সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে মারধরের এক পর্যায়ে মোঃ আরিফ হোসেন (১৫) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২ জুন) বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মোঃ জাকির হোসেনের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
নিহত আরিফ স্থানীয় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। আটক সাকিব সারোয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মোঃ রফিকের পুত্র। স্থানীয় ব্যাক্তি জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ বাড়িতে আসে। এরপর চা-নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সাথ তার সামান্য কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটি নিয়ে সাকিব সহ কয়েকজন মিলে আরিফকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় অধিবাসীরা জানান, মারধরে আহত আরিফকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত: চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ মারা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন স্থানীয় সাংবাদিকদের কে বলেন, মারামারিতে ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক ও করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ও জানান দেন তিনি।