এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পথে মীরসরাই উপজেলার উত্তর শেষ প্রান্ত ধুমঘাট ব্রীজ অতিক্রম করে বারইয়ারহাট পৌরসভা বাজারের উত্তর মাথায় গাছ মার্কেট এলাকায় আসা মাত্র- ই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায়।উক্ত হামলার ঘটনায় মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পুত্র সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে হুকুমের আসামী করে মামলা (নং-১৩) দায়ের করেন। মামলায় এজহারনামীয় ২৬নং আসামী বারইয়ারহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে তাদের শুভেচ্ছা জানানোর জন্য বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০/১৫০ জন নেতা-কর্মী অবস্থান করেন। এসময় কেন্দ্রীয় নেতাদের গাড়ী সেখানে পৌঁছালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পুত্র সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের হুকুমে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকনের নের্তৃত্বে লোহার রড, রাম দা, কিরিচ, লাঠিসোঠা সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহাসচিব এর গাড়ী বহরের উপর ও উপস্থিত নেতা-কর্মীদের উপর হামলা করে। আসামীরা ৫-৮টি গাড়ীর সামনের ও পিছনের গ্লাস ভাংচুর প্রায় করে ৫ লাখ টাকার ক্ষতি করে। হামলায় মামলার স্বাক্ষী জসিম উদ্দিন ও আলমগীর হোসেন গুরুতর আহত হন।
মামলার বাদী বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাঈন উদ্দিন লিটন বলেন, বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পুত্র সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের নির্দেশে হামলা করা হয়। এ সময় বিএনপি’র দুইজন নেতাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। মামলার আসামীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহরে হামলার ঘটনায় মাঈন উদ্দিন লিটন নামে একজন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫-৩০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এজহারনামীয় নিজাম উদ্দিন কমিশনার নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।