মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে। প্রথমে, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বলিকা দল আক্কেলপুর উপজেলার দেবী শাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বালক দল পাঁচবিবি উপজেলার রামভ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫- ০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম এর সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আকতার চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই দুইটি দল রাজশাহী বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে আমাদের একই স্কুলের বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। এভাবেই ক্ষুদে ফুটবল খেলোয়াড় তৈরির মাধ্যমে ভবিষ্যতে তাদেরকে জাতীয় পর্যায়ে খেলার জন্য আগ্রহী করে তুলবে।
এসময় উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিপ কুমার সরকার উপস্থিত ছিলেন।