নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশোঁ লক্ষ্মীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ওই বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মালিক নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সারের অব্যবস্থাপনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং ভারশোঁ লক্ষ্মীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।