এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে বিএনপি নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (১০ মে) বিকেল ৫ টার দিকে চট্টগ্রামের রেলওয়ে পোলগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপি’র যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই।
আপনারা যদি মনে করেন কারো জন্য আমি খেলতে পারিনি। তাহলে এটা কোনো ক্রীড়াবিদের কথা হবে না। ক্রীড়াবিদের কথা হবে, হয়তো আমার কোনো ভুল ছিলো, তাই জাতীয় দলে যেতে পারিনি।
তিনি আরও বলেন, আজ থেকে ১০/১৫ বছর আগে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম থেকে অনেকে ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতেন।
আমার সাথে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে হেলাল ভাই (মীর হেলাল), ইসরাফিল ভাই (ইসরাফিল খসরু) এবং হুম্মাম ভাই (হুম্মাম কাদের চৌধুরী) এর কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের মতো স্থানে নিয়ে আসতে পারি সে বিষয়ে আমাদের কথা চলা অব্যাহত থাকবে। আমি নিশ্চিত, উনারা যখন সুযোগ পাবেন চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের নেত-কর্মীরা তার বক্তব্য কে স্বাগত জানান।