হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার শাপলার রহস্যজনক মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। শাপলা ওই গ্রামের তুহিন মিয়ার স্ত্রী এক সন্তানের জননী। জানা গেছে, দীর্ঘদিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে ছোটখাট বিরোধ চলে আসছিল। গত সোমবার দিবাগত রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায় তারা ঘুমিয়ে যায়। মঙ্গলবার সকালে শাপলা বুকে ব্যথা অনুভব করলে একটি গ্যাসের ট্যাবলেট খায়। এরপর অল্প কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
শাপলার ভাই নয়ন মিয়া জানান, তার বোনের মৃত্যুটি তার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। সে কারণে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।
শাপলার স্বামী তুহিন মিয়া জানান, সকালে বুকে জ্বালাপোড়ার কথা বলে প্রাথমিকভাবে তাকে একটি গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পর বুক ব্যথা নিয়ে তার মৃত্যু হয়।
সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জানান, বুকে ব্যথা নিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রির্পোটে সবকিছু জানা যাবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারি এসআই আরিফুজ্জামান আরিফ জানান, লাশের সুরুতহাল রির্পোটে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।