• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সংসার বাঁচাতে আদালত, সেনানিবাস, শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

যে সংসারে ভালোবাসা, নিরাপত্তা আর সুখের স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন, সেই সংসারই একসময় তার কাছে হয়ে ওঠে আতঙ্কের আরেক নাম। অভিযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, শিকল দিয়ে বেঁধে মারধর, মামলা, আদালতের দ্বারস্থ হওয়া, সংসার টিকিয়ে রাখতে বারবার আপসের চেষ্টা, আর শেষ পর্যন্ত তালাকের নোটিশ। মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবনের এমন অভিজ্ঞতা নিয়ে এখন ন্যায়বিচারের আশায় দিন গুনছেন নওগাঁর মান্দা উপজেলার তরুণী মোছা. দিলরুবা আক্তার (২২)।
গত রোববার (১৯ জুলাই) উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবনের নানা ঘটনার বর্ণনা দেন তিনি। অভিযোগ করেন, সংসার টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এখন তার একমাত্র প্রত্যাশা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।
দিলরুবা আক্তারের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ইসলামী শরিয়ত অনুযায়ী উপজেলার মধ্য মৈনম গ্রামের মাহবুল হাসান সুমনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় নগদ এক লাখ টাকা, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের আংটি এবং প্রায় এক লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়। তবে চাকরিজনিত জটিলতার কারণে সে সময় বিয়ের নিবন্ধন করা হয়নি। পরে স্বামী ও তার পরিবারের সদস্যরা আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, বিষয়টি নিয়ে সাভার সেনানিবাসে লিখিত অভিযোগ করার পর সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে চলতি বছরের ১৩ মার্চ দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার।
দিলরুবার অভিযোগ, গত বছরের ১৪ আগস্ট রাতে তাকে শিকল দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করতে ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। অভিযুক্ত গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও পরে পুনরায় সংসার করার আশ্বাস দিয়ে আদালত থেকে জামিনে মুক্তি পান।
দিলরুবা জানান, আদালতের মধ্যস্থতায় গত ২৯ এপ্রিল আবারও স্বামীর সংসারে ফেরেন। কিন্তু সেই প্রত্যাবর্তনও দীর্ঘস্থায়ী হয়নি। তার অভিযোগ, বাড়িতে নেওয়ার পর আবারও নির্যাতন করা হয় এবং একপর্যায়ে তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এরপর গত ২ জুন কাজী অফিসের মাধ্যমে তার কাছে তালাকের নোটিশ পাঠানো হয় বলে জানান তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আদালতের শর্ত ভঙ্গের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে দিলরুবা বলেন, “আমি সংসার ভাঙতে চাইনি। অনেক অপমান, নির্যাতন সহ্য করেছি শুধু সংসারটা বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমাকে তালাক দেওয়া হয়েছে। আমি প্রতিশোধ চাই না, শুধু ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও জানান, প্রতিকার চেয়ে খাগড়াছড়ি সেনানিবাসের অধিনায়কের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বাবা দেলোয়ার হোসেন, মা নার্গিস বেগম, দাদা আজিজার রহমানসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারাও অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত সেনা সদস্য মাহবুল হাসান সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, ”আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করা হয়েছে। বর্তমানে আমি স্থায়ী জামিনে আছি। পরকীয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব অভিযোগের কারণে সেনা কর্তৃপক্ষ আমার ফোন জব্দ করেন। আমি ১৯ মে আদালতে এক লাখ ৮০ হাজার টাকা মোহরানার অর্থ জমা দিয়ে আইনগতভাবে স্ত্রীকে তালাক দিয়েছি। এরপরও তারা বিভিন্নভাবে মামলা তুলে নিয়ে আবার সংসার করার প্রস্তাব দিচ্ছে, যা আর কখনোই সম্ভব নয়। চাকরি চলে গেলেও আর সংসার করব না। প্রয়োজনে বাড়িতে গিয়ে ব্যবসা করব। গত তিন বছর ধরে এই বিষয় নিয়ে আমি মানসিকভাবে হয়রানির শিকার হয়েছি এবং অনেক অর্থ ব্যয় হয়েছে।”
দিলরুবার অভিযোগ এবং সুমনের বক্তব্য দুই পক্ষের অবস্থান এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার অংশ। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ হবে তদন্ত ও আদালতের রায়ের মাধ্যমে। তবে একটি বিষয় স্পষ্ট একটি দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এখন আদালত, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা দিলরুবা এখনও একটি কথাই বলছেন”আমি শুধু ন্যায়বিচার চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category