মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে (ডেভিল হান্ট) আ’লীগের ৩জন-সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ আসকান আলী (৫৪), সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়ার মৃত শামসুল সরদারের ছেলে এবং শাহমখদুম থানা ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক জয়েন সেক্রেটারি, আওয়ামীলীগ কর্মী মোঃ আব্দুল লতিব ওরফে লতিফ (৪৫) সে কর্ণহার থানার চকদর্শনপাড়ার মৃত তোরাব আলীর ছেলে ও মোঃ আবু জাফর ওরফে শিমুল (৩০), সে রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।