• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রথম ব্যাচের নবীনবরণে উচ্চশিক্ষার নতুন যাত্রা

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান, এফসিএমএ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, এমপি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে নওগাঁ জেলার উচ্চশিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড.মামুন আহম্মেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে। এরপর পায়রা অবমুক্তি, বেলুন উড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন এবং নতুন শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হবে। পরে সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নওগাঁর ঐতিহ্যের প্রতীক হিসেবে আমগাছের চারা উপহার দিয়ে বরণ করা হবে।
এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে নওগাঁসহ সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা এ অঞ্চলের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category