ইকবাল হোসেন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর মডেল থানার প্রাঙ্গণে আজ বুধবার বেলা ১১টায় জাঁকজমকভাবে পালিত হয়েছে “ওপেন হাউজ ডে”। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদক নির্মূল, যানজট নিরসন, দীর্ঘ ৩০-৪০ বছরের জমি দখলের সমস্যা সমাধান ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে ওসি মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্ব, নিষ্ঠা ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, তাঁর সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ফলে শ্রীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, “পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।” তিনি আরও বলেন, “সকল অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা দেখা যায়।
এ ধরনের জনমুখী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান থানার কর্মকর্তারা।