এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলায় মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ মুরাদ মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার গিয়াস উদ্দিনের পুত্র। সে মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ আলম এর হত্যা মামলার প্রধান আসামি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম। তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত ওই ইউপি সদস্য একটি হত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর এলাকায় তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে ১২ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিন দিন পর ১৪ ডিসেম্বর তার মরদেহ সৈয়দপুর বশরতনগর সাগর উপকূল থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইউপি সদস্যকে প্রধান আসামি করে যুবদল নেতা জামশেদ আলমের স্ত্রী রুবি আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন।