মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (১৬ থেকে ১৮ আগস্ট) উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা, র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, সফল মৎস্য চাষী আব্দুল মজিদ ও হারেজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরবর্তীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।